বাইকারদের সুরক্ষায় রয়েল এনফিল্ডের অত্যাধুনিক সামার জ্যাকেট

৮ অক্টোবর, ২০২৩ ২২:৩৬  

দু-চাকা হোক কিংবা চার চাকা কেনার ক্ষেত্রে আজকালকার দিনে ক্রেতারা সুরক্ষা ব্যবস্থাকে বেশি গুরুত্ব দিয়ে থাকেন। গাড়ির ক্ষেত্রে চারপাশ আবদ্ধ থাকে বলে এটি দু’চাকা গাড়ির তুলনায় বেশি নিরাপদ। বাইকের ক্ষেত্রে সেই কারণেই আরোহী বা চালককে সুরক্ষিত রাখতে প্রয়োজন হয় বিভিন্ন রাইডিং গিয়ারের।

যার মধ্যে রয়েছে হেলমেট, রাইডিং গ্লাভস, রাইডিং জ্যাকেট, রাইডিং প্যান্ট এবং রাইডিং বুট। মূলত মোটরসাইকেল নির্মাতা হিসেবে বিখ্যাত হলেও, অ্যাক্সেসরিজের জন্যও সমান জনপ্রিয় রয়েল এনফিল্ড। সংস্থাটি এবার নতুন সামার রাইডিং জ্যাকেট নিয়ে এসেছে ভারতের বাজারে। যা তাদের স্ট্রিটউইন্ড সিরিজের তৃতীয় এডিশন। স্ট্রিটউইন্ড ভি৩ নামের ওই রাইডিং জ্যাকেটে মেশ ডিজাইন থাকার পাশাপাশি বেশ হালকা।

মোটরসাইকেল চালানোর উপযুক্ত রাইডিং জ্যাকেটের বিভিন্ন জায়গায় লাগানো থাকে সুরক্ষা কবচ। রয়েল এনফিল্ডের নতুন জ্যাকেটে এরগো প্রো টেক আর্মর সেফটি রয়েছে। এটি আদতে লেভেল-টু আর্মার অর্থাৎ দ্বিতীয় ধাপের সুরক্ষা ব্যবস্থা যুক্ত। কাঁধ এবং কনুইয়ের দুই জায়গায় লাগানো রয়েছে এগুলো। চালকের পিঠের দিকেও রয়েছে সুরক্ষা কবজ এবং রিফ্লেক্টর, যা রাতের বেলায় দূর থেকে দেখতে সাহায্য করবে।

জ্যাকেটটির পিছনের দিকেও লাগানো রয়েছে এরগো প্রো টেক এর লেভেল টু এর আর্মার। এই রাইডিং জ্যাকেটটি কর্ডুরা ফেব্রিক সহযোগে তৈরি এবং বেশিরভাগ জায়গাতেই জালিকার মত ডিজাইন নজরে আসে। জ্যাকেটটির ওজন মাত্র ১.১৭ কেজি এবং এটি ল্যাপটপের ব্যাগের মধ্যেই ভাঁজ করে রাখা যাবে।

জ্যাকেটটি ঘর্ষণের ফলে নষ্ট হয়ে যাওয়ার হাত থেকে বাঁচার জন্য ৯০% ঘর্ষণরোধী উপকরণ দিয়ে তৈরি করা হয়েছে। বাকি ১০% রয়েছে ৬০০ডি পলিস্টার। নিজের শরীরের সঙ্গে সঠিকভাবে আটকানোর জন্য হাতের বিভিন্ন জায়গায় এবং কোমরের কাছে টাইট করে লাগানোর ফিতা ব্যবহার করা হয়েছে। পাশাপাশি ব্যবহারিক সুবিধা বাড়াতে চেনযুক্ত দুটি পকেট আছে। এই কাজে রয়েল এনফিল্ড ব্যবহার করেছে ওয়াইকেকে জিপার, যা এই সেগমেন্টের অন্যতম সেরা।

আবার জ্যাকেটের নানা জায়গায় সানগ্লাস লুপ, ভেলক্র-প্যাচ, প্রি কার্ভড আর্মস ও গলাতে লাগানো স্ন্যাপ ফাস্টেনার রয়েছে।

ডিবিটেক/বিএমটি